সংসদের প্রথম অধিবেশন ঘিরে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন ও আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যান চলাচল হতে পারে।
যানজট এড়াতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কিছু সড়কে ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ইন্দিরা রোড–বেগম রোকেয়া সরণি:
ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে।
মানিক মিয়া অ্যাভিনিউ–বেগম রোকেয়া সরণি:
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে বিকল্প পথে চলাচল করতে হবে।
এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
ডিএমপি নগরবাসীকে যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে