Views Bangladesh Logo

সংসদ এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান চলাকালে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেকরোড এলাকায় যান চলাচল সীমিত থাকবে। অনুষ্ঠানে বিপুল লোকসমাগমের সম্ভাবনা থাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

শপথের সূচি ও নিয়ন্ত্রিত এলাকা
ডিএমপি জানায়, সকাল থেকে জাতীয় সংসদ ভবনের ভেতরে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত রাখা হবে।

বিকল্প যাতায়াতের রুট
সাময়িক যানজট এড়াতে ট্রাফিক বিভাগ কয়েকটি বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

মিরপুর রোড থেকে ফার্মগেটমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।

ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেটমুখী যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে একই রুট ব্যবহার করবে।

আসাদগেট থেকে ফার্মগেটমুখী যানবাহন গণভবন ক্রসিং হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিমুখী যানবাহন খেজুরবাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র, প্রতিরক্ষা গ্যাপ ও আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যেতে পারবে।

এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য পরামর্শ
শপথ অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করার জন্য চালকদের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি নির্ধারিত সময়ের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ