জামায়াতের সমাবেশ ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশসহ শাহবাগ, দোয়েল চত্বর, মৎস্য ভবন, বাংলামটর ও টিএসসি এলাকায় পোশাকধারী এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ। সমাবেশস্থলের চারপাশে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং সন্দেহজনক কাউকে দেখলেই তল্লাশি করা হচ্ছে।
এদিকে, ঢাকামুখী সড়কগুলোতেও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে, যেসব পথ ধরে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে রাজধানীতে প্রবেশ করছেন।
সকাল থেকেই বিভিন্ন ব্যানার ও স্লোগান নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এই সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে রাখছে।
সমাবেশস্থলে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে ডিএমপির বিভিন্ন ইউনিট। পুলিশ সদস্যরা সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন যাতে জনসাধারণ এবং সমাবেশে অংশগ্রহণকারীরা নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে