Views Bangladesh Logo

পুলিশ কমিশনারের গাড়িবহরের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগের ব্যাখ্যা দিলো ডিএমপি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের গাড়িবহর ট্রাফিক আইন লঙ্ঘন করেছে—এমন অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ডিএমপি। সংস্থাটি বলেছে, এ ঘটনায় প্রকাশিত কিছু সংবাদ ‘বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং প্রকৃত পরিস্থিতির প্রতিফলন নয়’।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ডিএমপি জানায়, ঘটনাস্থল মিন্টো রোড কোনো একমুখী (ওয়ানওয়ে) সড়ক নয়; এটি দ্বিমুখী সড়ক। সেখানে যান চলাচল ব্যবস্থাপনার অংশ হিসেবে প্লাস্টিকের ব্যারিয়ার বসিয়ে পরীক্ষামূলকভাবে একটি অস্থায়ী ইউটার্ন ব্যবস্থা চালু করা হয়েছে, যা স্থায়ী ট্রাফিক নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত নয়।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োজন অনুযায়ী ওই ব্যারিয়ার নিয়মিত খোলা ও বন্ধ করা হয়। ফলে পুলিশ কমিশনারের গাড়িবহর ওই পথ ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করেছে—এমন অভিযোগ সঠিক নয়।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের গাড়িবহরের চলাচল ট্রাফিক কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নির্দেশনায় সম্পন্ন হয়েছে। এতে কোনো বিশেষ সুবিধা গ্রহণ বা ট্রাফিক বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

ডিএমপি আরও দাবি করে, সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা কোনো পথ কেবল কমিশনারের গাড়িবহরের জন্য খুলে দেওয়া হয়েছিল—এমন প্রচারণাও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সংস্থাটি সংবাদমাধ্যমের প্রতি তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়ে বলেছে, জনমত গঠনে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও প্রকৃত পরিস্থিতি যাচাই করা প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশ কমিশনারের একটি বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার গাড়িবহরের বিরুদ্ধে ট্রাফিক আইন অমান্যের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই ডিএমপি এই ব্যাখ্যা প্রদান করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ