Views Bangladesh Logo

‘আইন সবার জন্য সমান’ বক্তব্যের পর অনির্ধারিত ক্রসিং দিয়ে কমিশনারের গাড়িবহর

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ট্রাফিক আইন সবার জন্য সমান বলে মন্তব্য করার কিছুক্ষণ পরই তার গাড়িবহর নির্ধারিত রুট এড়িয়ে অনির্ধারিত ক্রসিং ব্যবহার করেছে বলে দেখা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাফিক আইন আসলে সবার জন্যই সমান—সরকারি হোক বা বেসরকারি। এমনকি পুলিশ সদস্যদের কেউ আইন ভাঙলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলন শেষে ডিএমপি সদর দপ্তরের দিকে যাওয়ার পথে তার গাড়িবহর মিন্টো রোডের একটি অনির্ধারিত ক্রসিং ব্যবহার করে পার হয়। সাধারণ যানবাহনের জন্য ওই ক্রসিংটি বন্ধ রাখা হয় এবং সড়কটি ওয়ান-ওয়ে হিসেবে ব্যবহৃত হয়।

সরেজমিনে দেখা যায়, কমিশনারের গাড়িবহর আসার আগে ওই ক্রসিংয়ের দড়ির ব্যারিকেড সরিয়ে দুই পাশে পুলিশ সদস্যরা অবস্থান নেন এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর গাড়িবহর পার হওয়ার পর পুনরায় ব্যারিকেড বসিয়ে ক্রসিংটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় ওই সড়কে নিয়মিত চলাচলকারী চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সাধারণ যানবাহনের জন্য বন্ধ থাকা পথ দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িবহর পার হওয়া ট্রাফিক আইনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

এক মোটরসাইকেল চালক বলেন, পুলিশের প্রটোকল থাকতেই পারে, তবে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা পথ ব্যবহার নিয়ে প্রশ্ন থেকে যায়।

তবে এ বিষয়ে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ