ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের চুক্তিতে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দিয়েছিল। তবে গত ২৫ ফেব্রুয়ারি শেখ মো. সাজ্জাত আলী ‘ব্যক্তিগত’ ও ‘পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘তার আবেদন অনুযায়ী অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’
ডিএমপি কমিশনারের দায়িত্ব নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার পালন করবেন।
সরওয়ারকে গত বছরের ৭ জানুয়ারি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরপর তিনি ট্রাফিক বিভাগের প্রধান হন এবং ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি পান।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি পেয়েছেন। ওই দিন পুলিশের আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়, যার মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে