Views Bangladesh Logo

বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং সংসদ ভবন ও আশপাশের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে শনিবার রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর, পান্থপথ-ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব এলাকার অন্তর্ভুক্ত সব সড়ক ও গলিপথ। দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ