Views Bangladesh Logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬২৯, মামলা ৫০

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযানে অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ২০৩ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।

অভিযানে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজ জব্দ করা হয়।

এ ছাড়া ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলের অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি ও নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ