ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১
রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মোট ৬১টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন ও ২১০ বোতল ইস্কাফ (ফেনসিডিল) উদ্ধার করে।
এসবের পাশাপাশি একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুটি ডিবির জ্যাকেট, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, একটি ফয়েল পেপার ও নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন