রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি আটক হয়েছেন মিরপুর বিভাগ থেকে—১০২ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৫, তেজগাঁওয়ে ৭৩, লালবাগে ৬৭, উত্তরা বিভাগে ৬৩, রমনায় ৩৩, মতিঝিলে ৫৩, গুলশানে ৫২, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৯ এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন এবং দুটি চাকু। পাশাপাশি একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০টি জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির নানা উপকরণের সন্ধানও মিলেছে। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ ও ৩১০টি শ্যাম্পু। এ ছাড়া ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল এবং লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, ভেজাল পণ্য তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে ক্যাপসুলে ওষুধ ভরার একটি মেশিন, ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ রয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ডিএমপি বলছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন