২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২, মামলা ৪০
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৪০টি মামলা হয়েছে। অভিযানে হেরোইন, ইয়াবা, গাঁজা ও দেশীয় মদসহ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের এ তথ্য জানান।
ডিএমপির বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর এলাকা থেকে। তেজগাঁও বিভাগ থেকে ৯৪ জন, গুলশান থেকে ৫৩ জন, ওয়ারী থেকে ৪৯ জন এবং মতিঝিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া লালবাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, রমনায় ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন পুলিশের হাতে আটক হন।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪টি ইয়াবা বড়ি, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি বিভিন্ন অপরাধের আলামতও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন