Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪৯টি মামলা করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৬৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।

অভিযান চলাকালে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিম কার্ড এবং সাতটি ব্যাংকের এটিএম কার্ডও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ