রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র-মাদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে ১৩১ জনকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯১, উত্তরা বিভাগে ৫৯, তেজগাঁওয়ে ৫১, মতিঝিলে ৪৮, গুলশানে ৪৫, রমনায় ৩৬ এবং লালবাগ বিভাগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে ৪ জন এবং সিটিটিসি থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে দুইটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি চার্জারে থাকা চায়না রাইফেলের ৩৯ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে। পুলিশের অভিযানে ১০ হাজার ২৮৭টি ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে।
এ সময় একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশবিশেষ, পাঁচটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
মতামত দিন