Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৫

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ফের কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ৪৮৫ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। অভিযানকালে উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে ইতিমধ্যে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আটটি বিভাগের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে—১২৫ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে সমান ৫৭ জন করে, উত্তরা বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ৩১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর বাইরে গোয়েন্দা বিভাগ একাই গ্রেফতার করেছে আরও ৯ জনকে।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা ও ৬১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা এবং ছিনতাই বা ডাকাতিতে ব্যবহৃত ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, ১টি কাটার ও ১টি লোহার পাত।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ