ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩
রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগের। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গুলশান বিভাগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল। এ ছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত হিসেবে নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, নগদ ১ হাজার ৫০৫ টাকা এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত দিন