ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, মাদকদ্রব্য, যানবাহন ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩১ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮০ জন, মতিঝিলে ৬৪ জন, ওয়ারীতে ৫৬ জন, লালবাগে ৪৬ জন, রমনায় ৩০ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও আটজন।
অভিযানে ১৩টি ককটেল, নয়টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়। এ ছাড়া ৩ হাজার ৮১টি ইয়াবা, ২৪ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।
উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন।
মতামত দিন