Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার, মামলা ৬৪টি

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, জাল নোটসহ বিভিন্ন আলামত।

মঙ্গলবার (৪ আগস্ট) এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ থেকে ৩৭ জন, ওয়ারী থেকে ৪৯ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৫৭ জন, মিরপুর থেকে ১৩৫ জন, গুলশান থেকে ৩১ জন, উত্তরা থেকে ৭১ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ২ জন রয়েছেন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা বড়ি, ৯০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শুটারগান, একটি সামুরাই তলোয়ার, ১৭টি মোবাইল ফোন, ৩০টি ফাঁকা চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ