ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪১টি মামলা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিভাগভিত্তিক হিসাবে মিরপুরে ১১১ জন, ওয়ারীতে ৭৯, তেজগাঁওয়ে ৬৭, মতিঝিলে ৪৬, উত্তরা ৪৪, লালবাগে ৪৩, গুলশানে ৩০, রমনায় ১৭ এবং গোয়েন্দা বিভাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ১২টি ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ, একটি চীনা কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
এ ছাড়া ৩ হাজার ৫২০টি ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল ও ৯৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
মতামত দিন