Views Bangladesh Logo

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও বিপুল মাদক

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদক, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৯ জন, মিরপুর বিভাগ থেকে ১০১ জন, গুলশান বিভাগ থেকে ৪৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার এবং একটি পুরোনো ক্যামেরা জব্দ করা হয়। এছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ