জ্বালানি খাতকে নিরাপদ করতে উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে: প্রতিমন্ত্রী
জ্বালানি খাতে নিরাপত্তা ও টেকসইতা নিশ্চিত করতে উৎপাদনে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে যশোর টাউন হল মাঠে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে হলে একক উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের দিকে যেতে হবে। এ লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিচ্ছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ এখন গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে সামনে এসেছে। সরকার ইতোমধ্যে সৌর প্যানেল স্থাপনে বাজেট সুবিধা ও শুল্ক ছাড় দিয়েছে এবং বেসরকারি খাতকেও এ খাতে এগিয়ে আসতে উৎসাহিত করা হচ্ছে।
অনিন্দ্য ইসলাম অমিত উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, একাধিক উদ্যোক্তা যৌথভাবে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মেলায় হস্তশিল্প, বুটিক, খাদ্যপণ্য ও গৃহসজ্জাসহ স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের ৬০টি স্টল স্থান পেয়েছে।
আগামী ১০ দিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মতামত দিন