Views Bangladesh Logo

প্রকাশ পেল দিঠি আনোয়ারের কণ্ঠে নতুন গান ‘রবিঠাকুর’

সংগীতশিল্পী ও উপস্থাপক দিঠি আনোয়ার–এর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ প্রকাশিত হয়েছে নতুন মৌলিক গান ‘রবিঠাকুর’। রোববার (২২ জুন) সন্ধ্যায় গানটি উন্মুক্ত করা হয়।

গানটির গীতিকার প্রয়াত দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শিল্পী দিঠি আনোয়ার জানিয়েছেন, বাবার জীবনের শেষ পর্যায়ে লেখা গানগুলোর মধ্যে এটি একটি, যা গাওয়ার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়।

গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান দিঠি আনোয়ার। একই সঙ্গে তিনি গানটির সুর ও সংগীতায়োজনের জন্য সুরকার ও সংগীত পরিচালক অপু আমান–কে ধন্যবাদ জানান। তার মতে, অপু আমান একজন দক্ষ সুরকার, যার কাজের মধ্যে গুণগত মান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

অপু আমান জানান, গাজী মাজহারুল আনোয়ারের লেখা পাঁচটি গান নিয়ে একটি বিশেষ প্রকল্পে কাজ করছেন তিনি। ধাপে ধাপে এসব গান প্রকাশ করা হচ্ছে। তার ভাষায়, গীতিকার ও দিঠি আনোয়ার—উভয়ের আস্থা অর্জন করতে পারা তার জন্য সম্মানের। পাশাপাশি গানের কথার গভীরতা তাকে আবেগাপ্লুত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে ‘মেঘলা আকাশ’ ও ‘জন্মের পর’ শিরোনামের আরও দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছিল, যেগুলোর গীতিকারও গাজী মাজহারুল আনোয়ার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ