সিলেটে অবিক্রিত চামড়া সংগ্রহ করবে জেলা প্রশাসন
সিলেটে কোরবানির পশুর চামড়া অবিক্রিত থাকলে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তা সংগ্রহ করবে জেলা প্রশাসন। ‘জাতীয় সম্পদ’ রক্ষায় পশুর চামড়া দ্রুত বিক্রির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
মঙ্গলবার (২৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম একথা বলেন
কেউ চামড়া বিক্রি করতে না পারলে জেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে মো. সারওয়ার আলম বলেন, সেক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চামড়া সংগ্রহ করা হবে। কোনো অবস্থাতেই যেন এই জাতীয় সম্পদ নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।
জেলা প্রশাসক জানান, এ বছর সিলেট জেলায় কোরবানিকৃত প্রায় ৭০ থেকে ৮৫ হাজার পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার সিলেট জেলায় ৩৮৫ টন লবণ বরাদ্দ দিয়েছে।
তিনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে স্কুল-কলেজ, খেলার মাঠ এবং পর্যটনকেন্দ্রের আশপাশে কোরবানি না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া সিলেট সিটি করপোরেশন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানি শেষে সর্বোচ্চ আট ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকেলে পৃথক সভা অনুষ্ঠিত হবে বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে