চাকরিতে পুনর্বহালের দাবিতে ক্যাডেট এসআইদের অনশন অব্যাহত
চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা (এসআই)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচ থেকে অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআইরা। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন।
অব্যাহতি পাওয়া এসআই নিশিকান্ত বলেন, মনে হচ্ছে আমাদের কোনো অভিভাবক নেই। রাষ্ট্র আমাদের নাগরিক মনে করে কি না জানি না। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে। ৪৩তম বিসিএসে যারা বঞ্চিত তাদের দাবিগুলো পুলিশের মাধ্যমে ভেতরে পৌঁছাচ্ছে; কিন্তু আমাদের মেসেজগুলো সেভাবে পৌঁছাচ্ছে কি না জানি না।
কল্যাণ সরকার নামে আরেক এসআই বলেন, সবাই মিলে আমরা একটি সিদ্ধান্ত নেব। কেন আমাদের বাদ দেয়া হয়েছে আমরা বলতে পারছি না। এক বছর প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। হঠাৎ আমাদের ডিসচার্জ লেটার ধরিয়ে দেয়া হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই। আমার বাবা ছিলেন একজন সেনাবাহিনীর সদস্য। আমি যেসব প্রতিষ্ঠানে পড়েছি সেখানে রাজনীতিরই সুযোগ ছিল না।
এর আগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩১০ প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতি দিয়ে তাদের যে চিঠি দেয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল– আপনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট এসআই/২০২৩ ব্যাচে গত ২০২৩ সালে ৫ মে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণরত আছেন। বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড মাঠে গত ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৪০তম বিসিএস (পুলিশ) প্রফেশনালস ব্যাচ-২০২৩-এর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন প্যারেড কার্যক্রম চলমান ছিল।
এ সময় পুলিশ একাডেমি কর্তৃক পূর্বনির্ধারিত মেন্যু অনুযায়ী প্যারেডে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীকে প্যারেড বিরতিতে সকালের নাশতা পরিবেশন করা হয়; কিন্তু আপনি (প্রশিক্ষণার্থী এসআই) ওই সরবরাহ করা নাশতা না খেয়ে হৈচৈ করে মাঠে চরম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। আপনি অন্য প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের পরস্পর সংগঠিত করে একাডেমি কর্তৃপক্ষকে হেয়প্রতিপন্ন করে চরম বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন। এ ছাড়াও আপনি অন্যদের সঙ্গে হৈচৈ করতে করতে নিজের খেয়াল খুশিমতো প্রশিক্ষণ মাঠ থেকে বের হয়ে নিজ ব্যারাকে চলে যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে