কক্সবাজারে বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন হোছনী খালের একটি কালভার্টের নিচে মরদেহটি পাওয়া যায়।
জানা গেছে, দুপুর ১টার দিকে কালভার্টের নিচে সন্দেহজনক কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে অজ্ঞাত এক ব্যক্তির শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করে। মোট ছয়টি বস্তায় বিভিন্ন দেহাংশ পাওয়া যায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, মরদেহটি একজন পুরুষের। খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং কাউকে আটক করা হয়নি।
তিনি বলেন, দুর্বৃত্তরা পরিচয় শনাক্ত কঠিন করতেই পরিকল্পিতভাবে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখে গেছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে