Views Bangladesh Logo

ইউজিসিতে ‘অসৎ কর্মকর্তাদের দাপট’: পদত্যাগপত্রে তানজীমউদ্দিন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রশাসনিক দুর্বলতা, স্বার্থের সংঘাত এবং ‘অসৎ কর্মকর্তা-কর্মচারীদের’ প্রভাব নিয়ে গুরুতর অভিযোগ তুলে পদত্যাগ করেছেন অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

গত ২৩ এপ্রিল ইউজিসির পূর্ণকালীন সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সময় চেয়ারম্যানের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এসব অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান কাঠামো ও কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখনো কার্যকর উচ্চশিক্ষা ব্যবস্থাপনা সংস্থা হিসেবে গড়ে উঠতে পারেনি।

চিঠিতে তিনি উল্লেখ করেন, কমিশনের ভেতরে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা থাকলেও প্রশাসনের নিয়ন্ত্রণ একটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে, যাদের তিনি ‘অদক্ষ, চতুর ও দুর্নীতিপ্রবণ’ হিসেবে বর্ণনা করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, এই গোষ্ঠী বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রেষণে ইউজিসিতে যোগ দেন। তিনি জানান, যোগদানের অল্প সময়ের মধ্যেই তিনি উপলব্ধি করেন যে প্রতিষ্ঠানটির ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে।

পদত্যাগপত্রে কুৎসা রটনা, রাজনৈতিক লবিং, টেন্ডার প্রভাবিত করার চেষ্টা এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘হিট’ প্রকল্প নিয়ে চাপ সৃষ্টির অভিযোগও তোলেন তিনি। তার দাবি, এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে। বিশেষ করে ‘হিট’ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

চিঠিতে ইউজিসির একজন সদস্যের বিরুদ্ধে স্বার্থের সংঘাতসহ একাধিক অভিযোগ তুললেও তিনি ওই সদস্যের নাম প্রকাশ করেননি। তার দাবি, ওই সদস্য দায়িত্ব বণ্টন ও বিভিন্ন প্রকল্পে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন এবং এ নিয়ে প্রশাসনে চাপ সৃষ্টি করেছেন।

অধ্যাপক তানজীমউদ্দিন আরও বলেন, এই ধরনের পরিবেশে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে উঠেছিল। পাশাপাশি এই দায়িত্ব পালনের কারণে তার ব্যক্তিগত গবেষণা, শিক্ষার্থী এবং পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ