Views Bangladesh Logo

‘টানাপড়েন কাটিয়ে’ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া দিল্লি সফর আয়োজন নিয়ে দুই দেশের কর্মকর্তারা আবারও আলোচনা শুরু করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নভেম্বরের কোনো একসময় এই সফর আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অব্যাহত রয়েছে। সম্ভাব্য সফরের আলোচ্যসূচিও প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে রাজনৈতিক সম্পর্কের অস্থিরতায় ক্ষতিগ্রস্ত দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নসহ বিভিন্ন বিষয় স্থান পেতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করবেন। এরপর অক্টোবর ও নভেম্বরে তার একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্যে সুবিধাজনক সময়ে নভেম্বরে দিল্লি সফরের সূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু।

সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে পানিসম্পদমন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও রয়েছেন।

এর আগে নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ ওই সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তখন জানিয়েছিলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানোর পরিকল্পনা করছে এবং উপযুক্ত সময়ে দ্বিপক্ষীয় সফরকে গুরুত্ব দেবে।

এর আগে ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল। ১৬ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিকস সম্মেলনেও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ঢাকার কাছ থেকে সফর নিয়ে কোনো জবাব পাওয়া যায়নি।

আগস্টে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে ঢাকা ও দিল্লির সম্পর্কে নতুন করে টানাপড়েন দেখা দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও জানিয়ে আসছে ঢাকা।

এরই মধ্যে ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তারেক রহমান। জবাবে মোদীও তাকে ধন্যবাদ জানান। দুই নেতার এই প্রকাশ্য যোগাযোগের ঘটনাটিও ঢাকা-দিল্লি সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটে আলোচনায় এসেছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, লন্ডনে অবস্থানের সময়ও ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তারেক রহমান। ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনকে ঘিরে বিএনপি ও ভারতের মধ্যে যোগাযোগের পাশাপাশি ২০১৮ সালেও বিএনপির একটি প্রতিনিধিদলের দিল্লি সফরের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফরের কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের কর্মকর্তারা সম্ভাব্য সফরের সময় ও আলোচ্যসূচি নিয়ে কাজ করছেন—এমনটাই উঠে এসেছে দ্য হিন্দুর প্রতিবেদনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ