Views Bangladesh Logo

বিশ্বসাহিত্য কেন্দ্রে 'নিষুপ্ত জাগরণ' উপন্যাসের আলোচনা সভা অনুষ্ঠিত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে লেখক মোহাম্মদ শামছুজ্জামান রচিত জীবনধর্মী উপন্যাস 'নিষুপ্ত জাগরণ'-এর প্রেক্ষাপট ও সমকালীন মূল্যায়ন শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক পত্রিকার উদ্যোগে শনিবার (২০ জুন) বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপন্যাসটি মুসলিম সাহিত্য সমাজের 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক আবুল হুসেনের জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে রচিত।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও সংস্কৃতি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য কবি মাহফুজ সালাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, "কোনো জাতির উন্নতির জন্য রাষ্ট্রকে সার্বজনীন করতে হয়। নানা জাতি-গোষ্ঠী নিয়েই রাষ্ট্র গঠিত হবে। সমাজে ধনী-গরিব বৈষম্য থাকবে, তবে তা কমিয়ে আনার আয়োজন দরকার। সমাজে অন্যায়-অবিচার থাকবে, তবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের চর্চা করার চেষ্টাটাই অব্যাহত রাখতে হবে। আর এই কাজটি সবাইকে মিলেই করতে হবে।"

অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচকগণ উপন্যাসের সাহিত্যমান, ঐতিহাসিক নির্ভুলতা এবং সমকালীন সমাজে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞান ও সংস্কৃতির পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট গল্পকার এবং পত্রিকার নির্বাহী সম্পাদক নাজনীন সাথী। লেখক ও আবুল হুসেনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন কবি অনার্য নাঈম। এরপর আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সম্পাদক সৈকত হাবিব, কথাশিল্পী মনি হায়দার, লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ পাভেল চৌধুরী, কবি ও সাংবাদিক ইমরান মাহফুজ, কবি ও চিত্রশিল্পী শিশির মল্লিক, কবি ও প্রাবন্ধিক আলমগীর খান এবং সাহিত্যকর্মী তানজুম সাকিব।

সভাপতির বক্তব্যে কবি মাহফুজ সালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিজ্ঞান ও সংস্কৃতি পত্রিকা সব সময়ই মুক্তচিন্তা ও মননশীল সাহিত্যচর্চাকে উৎসাহিত করে আসছে। আজকের এই সফল আয়োজন সেই ধারাবাহিকতারই একটি অংশ।’

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, গবেষক এবং প্রগতিশীল সংস্কৃতিকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাবন্ধিক এবং বিজ্ঞান ও সংস্কৃতির সম্পাদকমণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ