রংপুরে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষে আলোচনা সভা
রংপুরে ঐতিহাসিক ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের বিকন মোড়ের ‘গড়ন আর্ট গ্যালারি’তে বুদ্ধিবৃত্তিক চিন্তার সংগঠন ‘আত্মসভা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাংলার মুসলিম চিন্তার অগ্রগতির তত্ত্বতালাশ’ শীর্ষক আলোচনায় প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা, প্রাবন্ধিক ও গবেষক মামুন সিদ্দিকী।
তিনি বলেন, বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল লক্ষ্য ছিল জ্ঞানের বিকাশ ও বুদ্ধির দীপ্তি, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য আজও সমান গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিখা-গোষ্ঠীর অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, পরমতসহিষ্ণুতা, উদারনৈতিকতা ও বহুত্ববাদী চিন্তাধারা উন্নত সমাজ ও রাষ্ট্র নির্মাণে আদর্শ হতে পারে।
আলোচনায় অংশ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় সরকার বলেন, বুদ্ধির মুক্তি আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; মুক্তচিন্তা, মানবকল্যাণ ও সামাজিক প্রগতির জন্য এটি এখনো প্রাসঙ্গিক।
তিনি তরুণদের অন্ধবিশ্বাস ও অন্যায্য প্রথার বিরুদ্ধে মুক্তবুদ্ধির চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলা একাডেমির সহকারী সম্পাদক ও প্রাবন্ধিক রাজীব কুমার সাহা বলেন, বুদ্ধির মুক্তি আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে গভীর তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। ‘শিখা’ পত্রিকা আধুনিক শিক্ষা, ভাষা-সাহিত্য, নারীচেতনা, অসাম্প্রদায়িকতা ও মুক্ত মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ বলেন, মুসলিম সাহিত্য-সমাজ যে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাদর্শনের কথা বলেছিল, তা বাস্তবায়ন করা গেলে সমগ্র বাংলাদেশের জন্য তা ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আয়োজক ‘আত্মসভা’র কর্মাধ্যক্ষ কবি ও কলামিস্ট মীর রবি বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রভাব ও উত্তরাধিকার নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা থেকেই এই আয়োজন। সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে ‘আত্মসভা’ নিয়মিত জ্ঞানভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন শিল্পী ইসরাত জাহান কাকন। এতে আত্মভাষণ দেন আলোকচিত্রী ফিরোজ চৌধুরী, আলোচনা বিষয়ে বক্তব্য দেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য আউয়াল এবং আত্মপাঠ কারমাইকেল কলেজ ইউনিটের পক্ষে বক্তব্য দেন নুরনবী ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন কবি মনজিল মুরাদ লাভলু। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, শিক্ষক শিরিনা খাতুন, অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, সুনীল সরকারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
‘আত্মসভা’র আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সহযোগী হিসেবে ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘আত্মপাঠ’ এবং তথ্য ও তত্ত্বভিত্তিক প্রকাশনা ‘নাগরিক’।
মতামত দিন