বেসরকারি মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
দেশের বেসরকারি মাদ্রাসায় নতুন নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, নতুন নীতিমালা অমান্য করে কোনো নিয়োগ দিলে সংশ্লিষ্ট পদের জন্য এমপিও (মাসিক পেমেন্ট অর্ডার) সুবিধা দেওয়া হবে না। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এনটিআরসিএ-এর আওতাবহির্ভূত শূন্য পদগুলোতে এখন পর্যন্ত সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করতো। তবে এখন থেকে সব নিয়োগ প্রক্রিয়া অবশ্যই নতুন নীতিমালা অনুযায়ী সম্পন্ন করতে হবে।
অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করেছে, নতুন নীতিমালা অনুসরণ না করলে কোনোভাবেই এমপিও প্রদান করা হবে না।
নির্দেশনার অনুলিপি দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অধ্যক্ষ ও সুপারদের কাছে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানান, এ নির্দেশনার লক্ষ্য নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অযোগ্য প্রার্থী নিয়োগ রোধ করা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে