ঈদের দীর্ঘ ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্ন আর্থিক লেনদেন নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস)–এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ঈদের ছুটির সময় যাতে গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্য ব্যাংকগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়েছে— সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে, কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে, বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক পাহারাদার নিয়োজিত রাখতে হবে।
পয়েন্ট অব সেল (পিওএস)–এর ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে বলা হয়েছে এবং জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে বলা হয়েছে।
এছাড়া মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদের ছুটির সময় যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। পাশাপাশি সব ধরনের ইলেকট্রনিক পেমেন্ট সেবার বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে প্রচার-প্রচারণা চালাতে হবে এবং সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা দিতে হবে। এ সংক্রান্ত আগে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এদিকে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে। ফলে এ বছর সরকারি ও বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের ঈদের ছুটি থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে