Views Bangladesh Logo

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ এবং তিস্তা প্রকল্পে চীনা বিনিয়োগ চাইল বাংলাদেশ

চীনের কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন এবং তিস্তা ব্যারাজ প্রকল্পসহ বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো ও কৃষি খাতে চীনের বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১২ জুন) চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরাম ও ১০ম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোজিশনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সফরের অংশ হিসেবে ডেপুটি স্পিকার কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের জন্য আবাসন, ভাষাগত সহায়তা, চিকিৎসা ব্যয় হ্রাস এবং ভিসা সুবিধা সহজ করা হলে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিরা কুনমিংকে অগ্রাধিকার দেবেন।

তিনি হাসপাতালগুলোতে চিকিৎসক, টেকনিশিয়ান ও নার্সসহ বিভিন্ন পদে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরিরও আহ্বান জানান।

এ সময় হাসপাতালের উপ-মহাপরিচালক হি তাও, ওয়াং জিয়াংকুন এবং কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক শিয়া সুয়েশান বাংলাদেশ-চীন যৌথ স্বাস্থ্য উদ্যোগ আরও জোরদারের আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা, আবাসন ও শিক্ষা-সংক্রান্ত সুবিধা সহজ করার প্রতিশ্রুতিও দেন।

পরে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশি সংসদীয় ও বাণিজ্য প্রতিনিধিদল কুনমিংয়ের হাইজেং গার্ডেন হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়।

বৈঠকে কায়সার কামাল বলেন, গত ১২ ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রায় দেড় দশক পর গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।

তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ওয়াং নিংয়ের কাছে পৌঁছে দেন এবং জানান, প্রধানমন্ত্রী জুনের শেষ সপ্তাহে দ্বিতীয় বিদেশ সফরের অংশ হিসেবে চীন সফরে যাবেন।

এ সময় তিনি ইউনানের সিপিসি নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি সাদরে গ্রহণ করেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ফোরামে বিশেষ মর্যাদায় বাংলাদেশি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য ইউনান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফরের শেষদিকে প্রতিনিধিদল কুনমিং শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক বাওথাও গ্রাম পরিদর্শন করে। ৭৪৪ জন বাসিন্দার এ গ্রামের ৮০ শতাংশেরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ভেষজ ওষুধি গাছের চাষ ও সংরক্ষণ করে আসছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ