তিন মামলায় আদালতে গ্রেপ্তার দেখানো হলো দীপু মনিকে, পক্ষে ছিলেন না কোনো আইনজীবী
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে দায়ের করা তিনটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছে চাঁদপুর আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাকে ভার্চুয়ালি হাজির করা হয়। শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না; তিনি নিজেই নিজের পক্ষে বক্তব্য দেন।
আদালত সূত্রে জানা যায়, তিনটি মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট চাঁদপুরে বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনি নির্দেশদাতা ছিলেন। এছাড়া একই সময় শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা এবং সড়ক ভবনের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
তদন্ত কর্মকর্তারা আদালতে দাবি করেন, এসব ঘটনায় দীপু মনির ইন্ধন ও নির্দেশে অন্য আসামিরা অংশ নেয়। তবে আদালতে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
শুনানি শেষে আদালত তদন্তের স্বার্থে তিনটি মামলাতেই তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে একাধিক আইনজীবী অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে