Views Bangladesh Logo

জুলাই আন্দোলনের হামলা মামলা: দীপু মনি–মায়া চৌধুরীসহ ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এজাহারে মোট ৩৫০ জনের নাম এবং আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। তদন্ত শেষে যাচাই-বাছাই করে ২৭৫ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আন্দোলন-সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটিই চাঁদপুরে প্রথম চার্জশিট হওয়া মামলা। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম জানান, গত ১৪ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং পরে আদালত তা গ্রহণ করেন। বর্তমানে তিনি নোয়াখালী জেলায় কর্মরত রয়েছেন।

তদন্তে দেখা যায়, এজাহারভুক্ত অনেক আসামির পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি, কয়েকজনের নাম একাধিকবার অন্তর্ভুক্ত ছিল এবং তিনজন আসামি ইতোমধ্যে মারা গেছেন। এসব বিষয় যাচাইয়ের পর চূড়ান্তভাবে ২৭৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। তবে ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য, সাংবাদিক শফিকুর রহমান এবং হাজীগঞ্জের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলামের নাম চার্জশিটে রাখা হয়নি।

২০২৪ সালের ২৭ আগস্ট হাইমচর উপজেলার বাসিন্দা মোক্তার আহমেদ পাটওয়ারী চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এখন মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম আদালতের মাধ্যমে পরিচালিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ