চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
চাঁদপুরে পৃথক ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে আধা ঘণ্টার ব্যবধানে এ দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই দুই জ্যেষ্ঠ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটে দীপু মনির পরিত্যক্ত তৃতীয় তলার বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ভবনের বাসিন্দা ও প্রতিবেশীরা পানি দিয়ে আগুন নেভান।
পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল জানান, আগুন লাগার ঘটনায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অগ্নিসংযোগের ঘটনায় ফ্ল্যাটটি আগে থেকেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। বুধবার রাতের আগুনে মূলত সেখানে পড়ে থাকা অবশিষ্ট ধ্বংসাবশেষ পুড়ে গেছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি কোনো তথ্য পাননি। তবে বিষয়টি খতিয়ে দেখবেন।
এরপর রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ গ্রামে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তদের আরেকটি দল।
বালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু জানান, ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে হামলাকারীরা এসে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনে বাড়িটি পুড়ে যায়।
রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে বাড়ির অধিকাংশ সম্পদ পুড়ে যায়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে গিয়েছিল।
মতামত দিন