Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে: নৌপরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানির কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এর প্রমাণ হিসেবে বিপুল পরিমাণ মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। তবে দেশে প্রকৃত কোনো জ্বালানি সংকট নেই এবং সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে কি না—সে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ, বন্দরের লাভ এবং প্রযুক্তিগত উন্নয়নসহ সব দিক বিবেচনা করা হবে।

মেরিটাইম খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রশিক্ষিত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন করবে। বিশ্বের প্রায় ৭০ শতাংশ জলভাগ হওয়ায় নৌপরিবহন খাতে দক্ষতা দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারিত্ব ও দৃঢ়তার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে, কারণ আধুনিক বিশ্ব সমুদ্রপথকে উন্নয়নের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ