শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা চলছে: তাজুল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের অনুরোধের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। সরকার যদি তাকে ফিরিয়ে আনতে সফল হয়, তবে কার্যকর বিচারের পথ সুগম হবে।’
গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পরে নিশ্চিত করেন, এ বিষয়ে ভারতীয় সরকারের কাছে একটি আনুষ্ঠানিক নোট পাঠানো হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ সরকার ভারতের কাছে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং সহযোগিতা আশা করছে।’
সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনকে আইনি কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। তবে ভারতের উত্তর পাওয়ার সময়সীমা এখনও অনিশ্চিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে