Views Bangladesh Logo

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার পরিচয়পত্র পেশ করবেন

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নির্ধারিত দিনে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন দীনেশ।

এর আগে গত শনিবার ঢাকায় আসার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল) এ এফ এম জাহিদ উল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন। একই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, রাষ্ট্রাচারপ্রধানের সঙ্গে আনুষ্ঠানিকতা শেষে ভারতের নতুন হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

প্রসঙ্গত, দীনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেলমন্ত্রী। বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চলতি বছরের এপ্রিলে দায়িত্বপ্রাপ্ত হন এবং গত ৫ জুন স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ