ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী
ভারত বাংলাদেশে তাদের পরবর্তী হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দিতে যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে পারেন।
নিয়োগ চূড়ান্ত হলে এটি ভারতের জন্য একটি বিরল পদক্ষেপ হবে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী কোনো দেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়নি দেশটি।
দিনেশ ত্রিবেদী এর আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে থাকাকালে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
৭৫ বছর বয়সী অভিজ্ঞ এই রাজনীতিককে কূটনৈতিক প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক মহলেও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি আশা করছে দিনেশ ত্রিবেদীর নিয়োগ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারে সহায়ক হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে