Views Bangladesh Logo

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব নিতে ‘লেটার অব ক্রিডেন্স’ গ্রহণ করলেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ‘লেটার অব ক্রিডেন্স’ গ্রহণ করেছেন দীনেশ ত্রিবেদী। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্বভার গ্রহণ করবেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনার মনোনীত দীনেশ ত্রিবেদী শুক্রবার (৫ জুন) এই লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেন।

এর আগে গত এপ্রিলের শেষ দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা-দিল্লি সম্পর্ক তলানিতে ঠেকেছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই পক্ষই সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবনের পদক্ষেপ নিচ্ছে। এমন সময়েই একজন রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার; দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে এ দায়িত্ব দিল ভারত।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশের সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়ে পদত্যাগে বাধ্য হন তিনি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি।

লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেরই সদস্য ছিলেন ত্রিবেদী; পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় এবং গুজরাট থেকে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে পরের মাসেই বিজেপিতে যোগ দেন তিনি।

উল্লেখ্য, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মা বর্তমানে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ