Views Bangladesh Logo

বাংলাদেশ প্রসঙ্গে ভূপেন হাজারিকার গান শোনালেন দীনেশ ত্রিবেদী: তারিক চয়ন

বাংলাদেশের প্রসঙ্গ টেনে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে উদ্ধৃত করে প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার গান উল্লেখ করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

এই প্রেক্ষাপটে শনিবার (২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তারিক চয়ন ত্রিবেদীর রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা দীনেশ ত্রিবেদী সংস্কৃতিমনা একজন ব্যক্তি, যিনি সেতার বাজাতে পারেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে ভালোভাবে পরিচিত।’

তারিক চয়ন আরও উল্লেখ করেন, ‘সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নতুন দায়িত্ব ও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীনেশ ত্রিবেদী ভূপেন হাজারিকার একটি গান উদ্ধৃত করেন। গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে ভূপেন হাজারিকার গানটির কথা মনে করেন।’

ওই গানের অংশ হিসেবে ত্রিবেদী বলেন—‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা—মেঘনা-যমুনা। একই আকাশ, একই বাতাস… এক যন্ত্রণা’—যা ভারত ও বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগকে প্রতিফলিত করে বলে মন্তব্য করেন তিনি।

তারিক চয়ন আরও লেখেন, ‘ভূপেন হাজারিকার এই গান বহুদিন ধরে দুই দেশের মানুষের আবেগ ও সংস্কৃতির সেতুবন্ধন হিসেবে বিবেচিত হয়ে আসছে।’

উল্লেখ্য, এর আগে তারিক চয়ন ফেসবুকে নদীর একটি ভিডিও শেয়ার করে ভূপেন হাজারিকার আরেকটি জনপ্রিয় গান ‘ও গঙ্গা তুমি বইছো কেন’ সংযুক্ত করে আলোচনায় এসেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ