দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে ভারত–বাংলাদেশের বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মোদির দিকনির্দেশনা চান দীনেশ ত্রিবেদী। এ ক্ষেত্রে গঠনমূলক ও জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে তাদের এ সাক্ষাৎ হয়।
এর আগে সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক হয়।
দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর দীনেশ ত্রিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই দুই দেশের শীর্ষ পর্যায়ে ধারাবাহিক বৈঠক ও যোগাযোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মতামত দিন