Views Bangladesh Logo

স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে এ সম্পর্কের ধরনও পরিবর্তিত হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্পিকার আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল। ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের প্রধান ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নিতে হবে।

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকারও বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও তাদের পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। পাশাপাশি দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে সফর বিনিময় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ