১০ ডিগ্রিতে নেমেছে দিনাজপুরের তাপমাত্রা
দেশের উত্তর জনপদের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ক্রমশ কমার সঙ্গে অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।
শনিবার (৭ ডেসেম্বর) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
তাপমাত্রা কমার পাশাপাশি হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও সকালে উঠেছে সূর্য কিন্তু প্রখরতা একেবারেই কম। গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ জবুথবু হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষেরা বেশি বেলা করে কাজে যাওয়া কাজে পাচ্ছেন না তারা। এদিকে ঘন কুয়াশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা।
দিনাজপুরের রাজবাটি এলাকার ব্যাটারিচালিত রিকশাচালক লতিফুর রহমান জানান, এই শীতের মধ্যে রিকশা চালাতে খুব কষ্ট। সারাদিন যখন গরম থাকে তখন যাত্রী পাওয়া যায় আর চালানো যায়। কিন্তু সন্ধ্যার পর কিংবা খুব সকালে যাত্রীও তেমন পাওয়া যায় না, আর শীতের কারণে রিকশা ঠিকভাবে চালানো যায় না। ফলে আয় উপার্জন কমে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে