দেশে সামনে কঠিন সময় আসছে: মির্জা ফখরুল
দেশে সামনে কঠিন সময় আসছে এবং যুদ্ধ আমাদের অনেক ক্ষতি করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তেলের দাম ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে, তবে এসব সহ্য করে এগিয়ে যেতে হবে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। আইনবিরোধী কাজ আমরা কঠোর হস্তে দমন করব।” তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এই খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং এলাকার মাছ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টি করবে। “প্রকল্পের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে হবে,” যোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “একটি দলের নেতারা ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। আমরা কাজ করে মানুষের কল্যাণে যাব। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সততার সঙ্গে হালাল রুজি কামাতে হবে।”
তিনি কৃষি খাতের বর্তমান সমস্যা ও সরকারের পদক্ষেপও উল্লেখ করেন। “গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে, আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নির্বাচনের আগে কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা বাস্তবায়িত করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম করছেন। সারাদেশে কয়েক কোটি নারীর জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।”
নেহা নদীর পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে