রংপুরে ডিজেল সংকটে সেচ বন্ধ, শুকিয়ে যাচ্ছে ক্ষেত
রংপুর অঞ্চলে হঠাৎ তীব্র ডিজেল সংকটের কারণে বোরো ধান চাষে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। জ্বালানির অভাবে অধিকাংশ সেচ পাম্প বন্ধ হয়ে পড়ায় জমিতে সময়মতো পানি দেওয়া যাচ্ছে না। ফলে অনেক স্থানে ধানক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ে সেচ দেওয়া সম্ভব না হলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ডিজেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
শনিবার (১১ এপ্রিল) গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ডিজেলের অভাবে বেশিরভাগ সেচ পাম্প অচল হয়ে আছে। কৃষকরা ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে একসঙ্গে দুই থেকে তিন লিটারের বেশি ডিজেল দেওয়া হচ্ছে না, যা দিয়ে দীর্ঘ সময় সেচ চালানো সম্ভব নয়।
স্থানীয় কৃষকরা জানান, বোরো ধানের জন্য নিয়মিত সেচ অত্যন্ত জরুরি। কিন্তু জ্বালানি না পাওয়ায় জমি দ্রুত শুকিয়ে যাচ্ছে। আগে সহজে ডিজেল পাওয়া গেলেও এখন তা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গঙ্গাচড়ার কৃষক আব্দুল মালেক বলেন, সঠিক সময়ে পানি দিতে না পারলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে। আরেক কৃষক সাত্তার মিয়া অভিযোগ করেন, অনেক সময় বোতলে ডিজেল নিতে গেলে তা দেওয়া হয় না; বরং সেচযন্ত্র নিয়ে আসার শর্ত দেওয়া হয়, যা তাদের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
ফসল রক্ষার তাগিদে কেউ কেউ শ্যালো মেশিন নিয়েই পাম্পে যাচ্ছেন, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর জেলায় প্রায় ১ লাখ ৩২ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষক নেতারা আশঙ্কা করছেন, সময়মতো সেচ না পেলে ফলন অর্ধেকে নেমে আসতে পারে।
ক্ষেত মজুর পরিষদের নেতা আনোয়ার হোসেন বাবলু এই সংকটের জন্য সরকারের দুর্বল মনিটরিংকে দায়ী করেছেন। তার দাবি, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত সমাধান না হলে খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে বিদ্যুৎচালিত সেচ ব্যবস্থাও নির্ভরযোগ্য হয়ে উঠছে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেটিও ব্যাহত হচ্ছে। ফলে কৃষকরা দ্বিগুণ সমস্যায় পড়েছেন।
প্রশাসন বলছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে। তবে দ্রুত সরবরাহ বাড়ানোসহ কৃষকদের সহায়তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে