দিয়াজের জাদুতে কলম্বিয়ার উড়ন্ত শুরু, বিশ্বকাপ অভিষেকে লড়েও হার উজবেকিস্তানের
আট বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দারুণ এক জয় দিয়ে যাত্রা শুরু করল কলম্বিয়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’-এর ম্যাচে বিশ্বকাপ অভিষিক্ত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। তবে স্কোরলাইন যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটি ততটা একপেশে ছিল না। বিশেষ করে দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান কলম্বিয়াকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।
প্রথমার্ধে বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে ছিল কলম্বিয়ার একচ্ছত্র আধিপত্য। জেমস রদ্রিগেজের নেতৃত্বে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে দলটি ৭২ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে। ৪০ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত ক্রস থেকে দানিয়েল মুনোজের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় কলম্বিয়া। গোলটির আগে দিয়াজের একটি শট পোস্টেও লেগেছিল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা উজবেকিস্তান প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশল নিয়েছিল। ইতালির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও কোচ ফাবিও কানাভারোর দল বিরতির পর ভিন্ন চেহারায় মাঠে নামে। ৬০ মিনিটে আব্বোসবেক ফয়জুল্লায়েভ গোল করে বিশ্বকাপ ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোলের রেকর্ড গড়েন এবং ম্যাচে সমতা ফেরান।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই লুইস দিয়াজ নিজের নাম লেখান স্কোরশিটে। বক্সে ঢুকে নেওয়া তার নিচু শট উজবেক গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়। এরপর ম্যাচের শেষদিকে উজবেকিস্তান সমতায় ফেরার চেষ্টা চালালেও কলম্বিয়া অভিজ্ঞতার পরিচয় দেয়। যোগ করা সময়ের নবম মিনিটে কুচো হার্নান্দেজের অসাধারণ প্রচেষ্টার পর জামিন্টন কাম্পাজ হেডে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।
এই জয়ে গ্রুপ ‘কে’-তে তিন পয়েন্ট নিয়ে এগিয়ে গেল কলম্বিয়া। পর্তুগাল ও ডিআর কঙ্গোর ড্রয়ের পর এই জয় নেস্তর লরেঞ্জোর দলের নকআউট পর্বের পথ অনেকটাই সহজ করে দিল। অন্যদিকে পরাজিত হলেও সাহসী পারফরম্যান্সে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে উজবেকিস্তান।
মতামত দিন