Views Bangladesh Logo

কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ফাঁদ: দিয়া মির্জা

কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ‘ফাঁদ’ বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌন্দর্যচর্চা, শরীর নিয়ে সামাজিক চাপ এবং বিনোদন জগতের প্রচলিত সৌন্দর্যবোধ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

দিয়া বলেন, বর্তমানে অনেক নারী কসমেটিক সার্জারির প্রতি আকৃষ্ট হচ্ছেন। তবে এর পেছনে এমন একটি শিল্পব্যবস্থা কাজ করছে, যা মানুষের অনিরাপত্তা ও আত্মসংশয়কে কাজে লাগায়।

তিনি বলেন, ‘এটা ভয়ঙ্কর। এখন অনেক নারী কসমেটিক সার্জারির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। কিন্তু বিষয়টি আরও উদ্বেগজনক, কারণ এই ইন্ডাস্ট্রির চালিকাশক্তি মূলত পুরুষরা। তাদের তৈরি করা এই ব্যবস্থার ভিত্তিই হলো মানুষের অনিরাপত্তা ও ভয়।’

দিয়ার মতে, যখন কোনো নারী নিজের স্বাভাবিক বৈশিষ্ট্যকে অস্বীকার করে মনে করেন যে আরও সুন্দর হতে হলে কসমেটিক সার্জারির প্রয়োজন, তখন সেটিই একটি ফাঁদে পরিণত হয়। এতে নিজের প্রকৃত সত্তাকে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে।

সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে চেহারা বদলানোর নানা পরামর্শ দেওয়া হতো। কখনও ঠোঁটে ফিলার করাতে, আবার কখনও স্তনের আকার বড় করার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হিসেবে দিয়া দাবি করেন, এসব মন্তব্য কোনো নারীর কাছ থেকে নয়, বরং পুরুষদের কাছ থেকেই এসেছে।

তিনি বলেন, ‘‘আমাকে বারবার বলা হয়েছে, আমার শরীরে কী পরিবর্তন করা উচিত, কী করলে আমাকে আরও সুন্দর দেখাবে। কিন্তু এসব কথা কোনো নারী বলেননি। কোনো মহিলা কখনও এসে আমাকে বলেননি, ‘তোমার ঠোঁট পাতলা, ফিলার করাও’ বা ‘তোমার স্তন ছোট, বড় করাও’, এই ধরনের মন্তব্য সবসময় পুরুষদের কাছ থেকেই এসেছে। এটাই সত্যি।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ