কিশোর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় কয়েক'শ নারী-পুরুষ এই কর্মসূচি পালন করছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ জুলাই কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সড়ক অবরোধে নামেন।
অবরোধে নারী-পুরুষ উভয়েই অংশ নেন। এতে ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছিল। আন্দোলনকারীদের দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
মতামত দিন