Views Bangladesh Logo

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেনের কাজ: বাণিজ্যমন্ত্রী

আগামী ২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়ব দৃশ্যমান হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার একটি কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত বিদ্যমান সড়কটি নতুন ৪ লেনের মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। পাশাপাশি সিলেট-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান গ্যাপ দূর করে উন্নত রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটে উৎপাদিত পণ্য দ্রুত চট্টগ্রাম বন্দরে পরিবহন করা সম্ভব হবে।

ব্যবসা সহজীকরণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ক্লিয়ারেন্স, আইআরসি এবং মেশিনপত্র আমদানির জন্য এলসি খোলাসহ ব্যবসা শুরুর বিভিন্ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমানে যে ৩৫৫ দিন পর্যন্ত সময় লাগে, তা কমিয়ে ১৪ কর্মদিবসে নামিয়ে আনার ব্যবস্থা চলছে।

তিনি জানান, সিলেটের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশে দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমির ওপর নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরই এর উন্নয়নকাজ শুরু হবে।

নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরীর নিরাপত্তা জোরদারে সিলেট সিটি করপোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ড্রোন, মুখ শনাক্তকরণ ও ইনফ্রারেড প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায় নগরীকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সেবার আধুনিকায়ন ও দুর্নীতি প্রতিরোধের বিষয়েও বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি। বলেন, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরসহ বিভিন্ন সেবায় মুখ শনাক্তকরণ ও আঙুলের ছাপভিত্তিক অনলাইন যাচাই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিলেটের তরুণ ও ফ্রিল্যান্সারদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে শিগগিরই সিলেটে আন্তর্জাতিক মানের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ