ঢাকা থেকে সারাদেশের ট্রেন চলাচল শুরু
যাত্রী ও ট্রেনের নিরাপত্তার কারণে প্রায় সোয়া ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ঢাকামুখী ট্রেনগুলো আসতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি জানান, বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। শিডিউল বিপর্যয়ে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রথমে ছেড়ে যায়। একতা, কিশোরগঞ্জ, জয়ন্তিকা ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ক্রমান্বয়ে ছেড়ে যাবে।
সকালে মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছিলেন, অটোরিকশা চালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করায় নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল ১০টার পর কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসেওনি। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে